জবি শিক্ষার্থী নীরব আর নেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুখলেসুর রহমান নীরব আর নেই।
শুক্রবার (০৫ অক্টোবর) বেলা ১১টা ২২ মিনিটে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নীরব বছর দুয়েক ধরেই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর মধ্যে প্রাথমিক অবস্থায় গত বছর ভারতে চিকিৎসা করানোর পর বেশ ভালো অবস্থাতেই ফিরেছিলেন তার চিরচেনা ক্যাম্পাসে।
তবে মাস দুয়েক আগে আবারো ধরা পড়ে ক্যান্সার। এবার চিকিৎসকরা এটিকে ক্যান্সারের শেষ ধাপ বলে চিহ্নিত করেন। আর্থিকভাবে অসচ্ছল নীরবের পারিবারিক টানাপোড়েনের মধ্যেও তার চিকিৎসা চলছিলো সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে।
সম্প্রতি তার অবস্থা গুরুতর হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু শিক্ষার্থীর উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করে তাকে কিছুটা উন্নত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির মাত্র একদিনের মাথায় শুক্রবার বেলা ১১টা ২২ মিনিটে অন্তিম জীবনের পথে পা বাড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী।