০৪ অক্টোবর ২০১৮, ১৯:২২

ক্যাম্পাসে সাইবার অপরাধীদের শাস্তির দাবি ঢাবি ছাত্রলীগের

গোপন ক্যামরা ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি ধারণ এবং সেসব অনলাইনে প্রকাশকারী সাইবার অপরাধীদের  মুখোশ উন্মোচন করে তাদের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।  বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এক লিখিত বিবৃতিতে এ দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। 

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের গোপনে বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে তা বিভিন্ন পর্ণ সাইটে ছেড়ে দেয় একটি সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগী শিক্ষার্থীরা এনিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।  পরে তারা এসবের বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তুলে দেন।

ঢাবি ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত মূতুর্তের ছবি ও ভিডিও প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুন্ন হয়েছে। এ বিষয়ে প্রসাশনিক নজরদারি ও তদন্তের মাধ্যমে এর একটি সুরাহা করা অত্যন্ত জরুরি।  দ্রুত পদক্ষেপ নিয়ে এর সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করার দাবি করা হয় বিবৃতিতে।