০৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৮

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার

‘নবায়নযোগ্য শক্তির সমৃদ্ধি ও টেকশই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কর্মকান্ডে তরুণদের উদ্বুদ্বকারণ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহষ্পতিবার থেকে।

৫ম বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানটি চলবে ৭ অক্টোবর রোববার পর্যন্ত। বুধবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ডিরেক্টর জেনারেল গাজী সৈকত।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহষ্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের মহাসচিব মুহাম্মাদ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ ৬ টি সম্মেলন কক্ষে ভারত, নেপাল, সোমালিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) কমিটি সেশন হবে। চতুর্থ দিন রোববার বিকেল সাড়ে ৪ টায় সমাপনী অনুষ্ঠান হবে। সম্মেলন শেষে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে।

সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, রাবির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র-উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকারা।

এছাড়া রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, ইউএনআইসি ঢাকার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত থাকবেন।