ঢাবিতে চান্স প্রাপ্ত নাজমুলের লেখাপড়ার দায়িত্ব নিলেন কুষ্টিয়ার এসপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৭৬ তম স্থান অধিকারকারী নাজমুলের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত। সোমবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এসপি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নাজমুলের হাতে ২০ হাজার টাকা তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নাজমুলের দিনমজুর পিতা আজিজ হোসেন, গৃহিনী মা নাসিমা খাতুন এবং হালসা ডিগ্রী কলেজের শিক্ষক ইমাজ উদ্দিন। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘আমিও অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। অর্থাভাবে নাজমুলের মতো অদম্য মেধাবী একজন ছাত্র চান্স পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে ফেলি ছেলেটিকে সহযোগিতা করব।’
নাজমুল যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে, তার সব ব্যবস্থা করবেন বলেও ঘোষণা দেন এসপি। তিনি বলেন, ‘তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে আছি।’ নাজমুলের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘দৃঢ়তা ও মনোবল রেখে সামনের দিকে এগিয়ে যাও। ছাত্রাবস্থায় আমি নিজেও টিউশনি করে পড়ালেখার খরচ চালিয়েছি। ঢাকায় প্রচুর টিউশনির সুযোগ রয়েছে। তুমি অবসর সময় টিউশনি করে পড়ালেখার খরচ জোগাড় করতে পারো।’
টিউশনি আর দিনমজুরি করে সংসারের ঘানি টেনেও কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে অদম্য মেধাবী নাজমুল। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নাজমুল মেধা তালিকায় ৪৭৬ নম্বরে রয়েছে। পরীক্ষায় তার রোল ছিল ৯০৪৮১৪।
নাজমুল জানায়, অনেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ভালো কোচিংয়ে ভর্তি হয়। অনেক পড়াশোনা করে। কিন্তু অভাবের কারণে কোচিং করার কোনো সুযোগ তিনি পাননি। প্রাইভেট টিউশনির পাশাপাশি যতটুকু সময় পেয়েছেন, বাড়িতে পড়াশোনা করেছেন। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মনোবল ছিল মেধা তালিকায় তার নাম থাকবে।বাস্তবেও তাই হয়েছে। মেধা তালিকায় তার নাম এসেছে।
উল্লেখ্য, ২১ অক্টোবর নাজমুলের মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার ইচ্ছা রয়েছে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ালেখা করার। তবে মেধা তালিকায় স্থান পেয়েও শেষ পর্যন্ত অর্থাভাবে নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পড়ালেখা চালিয়ে যেতে পারবে কি না, এ নিয়ে তার যথেষ্ট সংশয় ছিল।