২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৬

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা রোববার শুরু হবে। এ বছর  ২ হাজার সিটের বিপরীতে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন আবেদন করেছে। 

এবারের ভর্তি পরীক্ষায় যেকোন ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দায়িত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।

এ সময় তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সর্বদা তৎপর থাকবে শৃংখলা রক্ষা ও নিরাপত্তা কমিটি। সেই সাথে ১৫৬ জন পোশাক পরিহিত পুলিশ ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মীরা তৎপর থাকবেন।

ভর্তি পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন আরো অনুষ্ঠিত হবে আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন সকাল ৯টায় ভর্তি পরীক্ষার শুরু হবে।

২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার তথ্য ও বিস্তারিত সূচি (www.ju-admission.org) থেকে জানা যাবে।