শাবিপ্রবি ভিসি অ্যাওয়ার্ড পেলেন ড. ওয়াহিদুজ্জামান
গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড -২০১৮’ পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক কনফারেন্সে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. ইউসূফ আলী মোল্লা এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রম সমান্তরালভাবে চললে বিশ্ববিদ্যালয় পূর্ণতা লাভ করে। গবেষণা হতে হবে সাধারণ মানুষের জন্য। এই গবেষণা ও প্রকাশনার উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেটিং তৈরি হয়। অর্থ বরাদ্দ কোনো সমস্যা নয়, ইউজিসি থেকে গবেষণার জন্য সবোর্চ্চ সহায়তা করা হবে।’
কনফারেন্সে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম এ হালিম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন এবং সমাপনী বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. এজেডএম মঞ্জুর রশিদ।
এদিকে কনফারেন্সের অংশ হিসেবে দুই দিনব্যাপী ৮টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর যথাক্রম ৪টি করে টেকনিক্যাল সেশন থাকবে। অনুষ্ঠান শেষে গবেষণা কাজে পুবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করে।