২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫

‘বিতর্কিত’ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় শিক্ষার্থীকে হল ছাড়া করার হুমকি দিয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী ছাত্র।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হামজা রহমান অন্তর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচ ও শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র। ভূক্তভোগী ছাত্র সাজিদ হাসান মিলন একই হলের ও গণিত বিভাগের ৪০তম ব্যাচের আবাসিক ছাত্র।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাজিদ হাসান কিছুদিন আগে শহীদ রফিক-জব্বার হলে রুম পরিবর্তন করতে চাইলে বাধা দেয় একই হলে অবস্থানকারী ছাত্রলীগ নেতা হামজা রহমান অন্তর। অন্তর দাবি করে হামজা হলের ওই রুমসহ আরও তিন-চারটা রুম দখল করে নিয়েছে। তার অনুমতি ছাড়া রুম পরিবর্তন করা যাবে না। পরে মিলন অন্তরকে অনুরোধ করে একটি রুমে ওঠে। এরপর বিভিন্ন সময়ে মিলনের কাছে হামজা রহমান অন্তর সর্বমোট পাঁচহাজার টাকা ধার নেয়। নতুন বাইক কেনার কথা বলে তার কাছে আরও দশ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় সাজিদ টাকা দিতে অস্বীকৃতি জানায় ও পূর্বের ধারের টাকা পরিশোধ করতে বলে। এতে অন্তর তাকে হুমকি দেয় এবং মিলন হলের নতুন রুমে দশ মাস থাকায় ভাড়া হিসেবে পাঁচহাজার টাকা সহ আরো পাঁচহাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে মিলনকে ভয়ভীতি ও হুমকি দেয়। তার হুমকিতে হল ছাড়তে বাধ্য হয় ভূক্তভোগী ছাত্র।
চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা হামজা রহমান অন্তর বলেন, ‘সে একজন মাদকসেবী। তাকে আমরা বিভিন্ন সময় মাদক সেবনরত অবস্থায় ধরি। এছাড়াও সে তার রুমমেটের টাকা ও ইলেকট্রনিক জিনিসপত্র চুরি করে হল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তার রুমমেট হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয়।’
এ বিষয়ে প্রক্টর শিকদার মো. জুলকারনাইন বলেন, ‘যেহেতু এটা হলের অভ্যন্তরীন বিষয়। এজন্য বিষয়টি তদন্তের জন্য হলের প্রভোস্টকে জানিয়েছি।’ শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘ঘটনাগুলো অনেক দিন আগের। তার আগে কেন অভিযোগ করেনি সেটা জানা নেই। দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।’