চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার ও শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব। বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পদার্থবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. ডিল আফরোজ বেগম।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে।
চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সুবর্ণজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন,ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর মাননীয় উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
চবি'র উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর, প্রফেসর ড. অরুণ কুমার বসাক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ন্যানো স্যাটেলাইট উপদেষ্টা ড.মোঃ খলিলুর রহমান।
আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন, চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. দিল আফরোজ বেগম ও সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। আয়োজক কমিটির প্রেস মিডিয়া ও প্রকাশনা বিষয়ক দায়িত্বে রয়েছেন, প্রফেসর ড. একেএম মাইনুল হক মিয়াজী।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছর পরেই ১৯৬৮ সালে মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এ বিভাগটি। বর্তমানে এ বিভাগের শিক্ষার্থী ৬২০ জন। পাশাপাশি ৩২ জন শিক্ষক ও ৩০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে বিভাগটিতে।