২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৯

মাইদুল ইসলামের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেফতারকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সরকারের বুঝা উচিৎ সমালোচকরা কখনো শত্রু হতে পারে না। মাইদুল ইসলাম কোটা সংস্কারের বিষয়ে সরকারের তৎকালীন সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। কিন্তু সরকার বর্তমানে কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছে। তাহলে সমালোচনার কারণে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে কেন শাস্তির সম্মুখিন হতে হবে?’

এ সময় তিনি দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠনকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচী পালনের আহ্বান জানান। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘বাংলাদেশে শিক্ষকদের বাক স্বাধীনতা নেই। সেনা শাসকরা যেভাবে বাকস্বাধীনতা হরণ করেছিলো বর্তমানেও ঠিক একই ভাবে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। তার বাস্তব উদাহরণ হলো মাইদুল ইসলাম।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক স্বাধীন সেন, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, সহযোগী অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় বিরুদ্ধে মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম। মামলা দায়েরের পর হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন মাইদুল। ওই জামিনের মেয়াদ শেষে ২৪ সেপ্টেম্বর মাইদুল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো.ইসমাইল হোসেনের আদালতে আত্মসর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।