রাজশাহীতে ৬৯ ভাগ দুর্ঘটনা মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকে
রাজশাহীতে সংঘটিত সড়ক দুর্ঘটনাগুলোর ৬৯ শতাংশই ঘটছে মোটরবাইক, ট্রাক কিংবা অটোরিকশায়। অপেক্ষাকৃত কম দুর্ঘটনা ঘটছে বাস, ভ্যান, বাইসাইকেলসহ অন্যান্য যানবাহনগুলোতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষকদের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক নুর-ই-ফেরদৌস মণিকা মাতিন ও মাসুদ রানা যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনি সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি) ২০১৮ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি জার্নালে গবেষণাটি প্রকাশ করা হয়েছে।
রাজশাহীর ৬ টি সড়কের ১৬৭ কিলোমিটার দূরত্বের মধ্যে ২০১৭ সালের জানুয়ারি থেকে জুলাইয়ে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করেন গবেষক দল। এ সময়ে সড়কগুলোতে ৯৯ টি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে নাটোর-রাজশাহী মহাসড়কে। আর সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে রাজশাহী-চাঁপাই মহাসড়কের পুরাতন অংশে।
গবেষণার তথ্যা মতে, সড়ক দুর্ঘটনাগুলোর ২৮ শতাংশ অর্থাৎ ২৭ টি ঘটনার সাথে জড়িত ছিল মোটর সাইকেল, ২৪ শতাংশ তথা ২৩ টি ঘটনার সাথে জড়িত ট্রাক এবং ১৯ শতাংশ তথা ১৮ টি ঘটনার সাথে জড়িত ছিল অটোরিক্সা। এই হিসাবে দুর্ঘটনার ৬৯ শতাংশের সাথে জড়িত অটোরিকশা, ট্রাক ও মোটর বাইক এই তিন বাহন।
অন্যদিকে বাস দুর্ঘটনা ১৬ শতাংশ , ভটভটি ৫ শতাংশ , বাইসাইকেল ৫ শতাংশ , ভ্যান ৫ শতাংশ এবং অন্যান্য বাহন ২ শতাংশ দুর্ঘটনার সাথে জড়িত ছিল গবেষণায় উঠে আসে।
গবেষণায় দেখা যায়, অধিকাংশ দুর্ঘটনার কারণ ছিল মুখোমুখি সংঘর্ষ, পথচারীর অসচেতনতা, চালকের উদাসীনতা ও ভাঙ্গা রাস্তা। যেখানে মোট ঘটনার সর্বোচ্চ ৪৫ টি মুখোমুখি সংঘর্ষ, আর রাস্তা পারাপারের পথচারীদের অসচেতনতায় ৩১টি দুর্ঘটনা ঘটেছে।
গবেষকরা নগরীর বিপজ্জনক রাস্তাগুলো প্রশস্ত করা এবং ডিভাইডার দেওয়া, ভাঙ্গা পেভমেন্ট লেয়ারে ওভার লোডেড যানবাহন চলতে না দেওয়া, পর্যাপ্ত পরিমাণে স্পিড ব্রেকার, ট্রাফিক সিগন্যাল, জেব্রাক্রসিং নির্মাণ ও পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।