২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭

অবৈধ কমিটি দিয়েই চলছে ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা শাখার কার্যকাল এক বছর। কোনো কমিটি একবছর অতিক্রম করার পর নতুন কমিটি নির্বাচন করে কার্যভার হস্তান্তর করবে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদন ক্রমে ৯০ দিন সময় বৃদ্ধি করা যাবে।  এই সময়ের মধ্যে সম্মেলন না হলে জেলা কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।  গঠনতন্ত্রের এ ধারা অনুযায়ী বৈধতা হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।  এক বছর মেয়াদি কমিটি ইতোমধ্যে পার করেছে দেড় বছর সময়।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৫ এপ্রিল।  এরপর প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো উদ্যোগ নেননি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে সংগঠন থেকে বিমুখ হয়ে পড়েছে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। 

দলীয় সূত্রে জানা যায়, গত বছর ৬ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ এপ্রিল বাংলা বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিনুর রহমান শাহিনকে সভাপতি এবং একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল রানা হালিমকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটি পূর্ণাঙ্গ করার কথা ছিল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের। কিন্তু সম্মেলনের পর কমিটির মেয়াদ একবছর পাঁচ মাস পূর্ণ হলেও সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া আর কোনো নেতা নেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের।  বিশ্ববিদ্যালয়ে চলছে দুই নেতার রাজত্ব। এদিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় ক্ষুদ্ধ পদ প্রত্যাশী নেতাকর্মীরা।  অন্যদিকে পদ না পেয়ে সংগঠনটির সিনিয়র নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।  সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার আশ্বাস দিয়েও পূর্ণাঙ্গ কমিটি গঠন করছেন না বলে অভিযোগ তাদের। 

ছাত্রলীগের গঠনতন্ত্র ১০ এর (খ) ধারায় উল্লেখ আছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর। জেলা শাখাকে উপরিউক্ত সময়ের মধ্যে নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদন ক্রমে ৯০ দিন সময় বৃদ্ধি করা যাবে। এই সময়ের মধ্যে সম্মেলন না হলে জেলা কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী সংসদ আহ্বায়ক কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা নিবে।  নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে আহ্বায়ক কমিটি বাতিল বলে গণ্য হবে এবং কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

গঠনতন্ত্র অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ পাঁচ মাস আগেই শেষ হয়ে গেছে।  এক বছর মেয়াদের মধ্যে দেড় বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় খোদ ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে কমিটির বিষয়ে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী এক ছাত্রলীগ নেতা বলেন, ‘গঠনতন্ত্র মানছে না ইবি ছাত্রলীগ।  তবে কেন্দ্রীয় নেতারা সেটা অবগত হয়েও পদক্ষেপ নিচ্ছেন না।  কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও এখনো পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ায় আমরা ‘আইডেন্টিটি ক্রাইসিসে’ ভুগছি।  এছাড়া পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ত্যাগী নেতারাও ক্যাম্পাস বিমুখ হয়ে চলে যাচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রলীগ নেতা জানান, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দেখা করতে যান। এ সময় এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন কেন্দ্রীয় সংসদের নেতারা। একইসাথে এই সময়ের মধ্যে কমিটি গঠন করতে না পারলে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার হুশিয়ারি দেন।  

বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘যে কোনো সংগঠনের মূল চালিকা শক্তি হল নেতা কর্মীরা। দেড় বছর পরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি এটা খুবই দুঃখজনক। দল চাঙ্গা রাখার জন্য পূর্ণাঙ্গ কমিটি জরুরী। আমি আশা করি কেন্দ্রীয় নেতারা এ দিকে দৃষ্টি দিবেন।’

বারবার কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও পূর্ণাঙ্গ কমিটির গঠনে এই দুই নেতার তৎপরতা না থাকায় কেন্দ্রীয় সংসদের এক নেতাকে দায়িত্ব দিয়ে গত বছরের ২৫ জুলাইয়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়। তবে দায়িত্বপ্রাপ্ত সেই কেন্দ্রীয় নেতা একবারের জন্যও ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসেননি বলে জানান পদপ্রত্যাশী কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সাথে কথা বললে তারা জানায়, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শেষের দিকে। আশা করছি খুব শিঘ্রই কমিটি প্রকাশ করা হবে।’ তবে কতদিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ হবে সে বিষয়ে তারা নিদিষ্ট করে কিছু বলেননি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়নুল ইসলাম চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঙ্গে খুদে বার্তা প্রেরণ ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।