সমাবর্তনের দাবিতে জবিতে বিক্ষোভ, উপাচার্য অবরুদ্ধ!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাবর্তন আয়োজনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করেছে ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান তার কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।
জানা গেছে, সমাবর্তন আয়োজন করার দাবিতে আজ রোববার বেলা ১২টার দিকে ক্যশ্পাসের কাঠাল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে জবি শাখা ছাত্রলীগ। এসময় বিক্ষোভ মিছিল থেকে ‘সমাবর্তন চাই’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙ্গে দাও’ স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনের ফটক বন্ধ করে অবস্থান নেয়। প্রক্টোরিয়াল টিমের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা কয়েকবার চেষ্টা করেও ফটক খুলতে পারেনি। এমতাবস্থায় প্রশাসনিক ভবনে অবস্থানরত উপাচার্যসহ প্রশাসনিক সকল কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে বেলা ৩টার দিকে উপাচার্য প্রশাসনিক ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকে। এসময় প্রক্টোরিয়াল টিমের সদস্যরা শিক্ষার্থীদের সাথে উপাচার্যের আলোচনার প্রস্তাব দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একদিনের আল্টিমেটাম দিয়ে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে আমরা সমাবর্তন চাই আন্দোলনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, আমাদের এই আন্দোলন সমাবর্তনের দাবিতে। দীর্ঘ ১৩ বছর হতে চললো এখনো কোন সমাবর্তন আয়োজন করতে পারেনি জবি প্রশাসন। প্রশাসন অতিদ্রুত সমাবর্তনের ব্যাপারে কোন আশ্বাস না দিলে আন্দোলন আরো তীব্র হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, সমাবর্তন করার জন্য বিশাল জায়গার প্রয়োজন। যা আমাদের নেই। তবে বিষয়টিতে লিখিত কোনো দাবি পেলে বিভিন্ন অনুষদের ডীন ও ছাত্র প্রতিনিধিদের একসাথে দায়িত্ব দিয়ে দেবো। তারাই সমাবর্তনের আয়োজন করবে।