নতুন উপ-উপাচার্য পেল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আবু তাহের। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর সুপারিশক্রমে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক মো: আবু তাহের বর্তমানে জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের একাডেমিক এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন অনুষদের নির্বাচিত ডিন এবং ডেপুটেশনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।
দীর্ঘ ক্যারিয়ারে অধ্যাপক আবু তাহের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অষ্ট্রেলিয়া, ফিলিপাইন, কোরিয়াসহ বহুদেশ ভ্রমণ করেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ৬৫টির অধিক গবেষনাধর্মী প্রবন্ধ, আন্তর্জাতিক কনফারেন্সে ২৮টি পেপার উপস্থাপন এবং ৮টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পুস্তক রচনা করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো: আবু তাহের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে পরিচালক, কনসালট্যান্ট ও এস.পি.এম হিসেবে কাজ করেছেন।