শিক্ষক হতে এসে চবিতে ছাত্রলীগের হামলার শিকার সাবেক শিক্ষার্থী
শিক্ষক হতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হামলার শিকার হয়েছেন আজাদ হোসেন নামে বিশ্ববিদ্যালয়টির সাবেক এক শিক্ষার্থী। তিনি দর্শন বিভাগের (২০০৫-০৬ সেশন) বিভাগের শিক্ষার্থী ছিলেন। শিবির আখ্যায়িত করে তাকে মারধর করেন ছাত্রলীগের "বাংলার মুখ" এর নেতাকর্মীরা।
রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে চবি’র প্রক্টর অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজাদ হোসেন দর্শন বিভাগের শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে এসেছিলেন। এসময় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী তাকে শিবির সন্দেহ করে প্রক্টর অফিসের সামনেই মারধর করে। এরপর আজাদকে পুলিশের নিকট সোপর্দ করেন ছাত্রলীগ কর্মীরা।
চবি শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, ‘আজাদকে আমি চিনি, সে শিবিরের কর্মী ছিল। আগামী নির্বাচনকে নস্যাৎ করার লক্ষ্যে ক্যাম্পাসে শিবিরের আনা-গোনা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রলীগ সব ধরণের ষড়যন্ত্র রুখতে বদ্ধপরিকর।’
চবি’র পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ‘দ্য ডেইলি ক্যাম্পাস’কে বলেন, আজাদ হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা যাচাই করে দেখছি বিষয়টি, দোষী হলে তার বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র ‘দ্য ডেইলি ক্যাম্পাস’কে বলেন, শুনেছি দর্শন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে ছাত্রলীগ কর্মীরা মারধর করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।