যে ছাত্রাবাসে সিটভাড়া ১ টাকা
রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্ররা থাকেন এক টাকা ভাড়ায়। ছাত্রীদের জন্যও বানানো হয়েছে ছাত্রীনিবাস। তবে নিরাপত্তার অজুহাতে তারা সেখানে থাকতে পারেন না। এটি রাজশাহীর পবা উপজেলার কচুয়াতৈল এলাকায় অবস্থিত।
সার্ভে ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠানের জন্য একটি একাডেমিক ভবন, চারতলাবিশিষ্ট ছাত্রাবাস এবং একতলাবিশিষ্ট একটি ছাত্রীনিবাস নির্মাণ করে প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীসংখ্যা ৩৯০ জন। তাঁদের মধ্যে ছাত্র ২২১ জন, ছাত্রী ৬৯ জন। প্রতিষ্ঠানটিতে একটিমাত্র বিভাগ, সার্ভেয়ার। এই বিভাগে এসএসসি পাস করা শিক্ষার্থীরা ভর্তি হয়। ৮ পর্বের চার বছরের কোর্স। তবে উচ্চমাধ্যমিক পাস করে কোনো শিক্ষার্থী ভর্তি হতে চাইলে তাঁরা সরাসরি তৃতীয় পর্বে ভর্তির সুযোগ পান। অবশ্য আসন ফাঁকা থাকার শর্তে এই সুযোগ দেওয়া হয়।
ছাত্রাবাসে ৯৪ জন শিক্ষার্থীর আবাসনব্যবস্থা রয়েছে। তাতে কখনো ৭০ জন, কখনো ৯৪ জনই থাকেন। ছাত্রীনিবাসে পাঁচটি কক্ষ, একটি টিভিরুম ও একটি ডাইনিংরুম আছে। এখানে ২০–৩০ জন ছাত্রীর আবাসনসুবিধা রয়েছে। তবে তারা সেখানে থাকতে পারেন না। পর্যাপ্ত নিরাপত্তা নেই অজুহাত দেখিয়ে সেখানে শিক্ষক ও কর্মচারীরা থাকেন।