১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১

ইবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু কাল

লোগো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শনিবার থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ৩৩টি বিভাগে ২২৭৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ১২০ নম্বরের। এর মধ্যে ৬০ নম্বর এমসিকিউ এবং ২০ নম্বর লিখিত। বাকি ৪০ নম্বর একাডেমিক (এসএসসি ও এইচএসসি বা সমমান) ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। তবে একাডেমিক ৪০ নম্বর নির্ধারণের শর্ত গতবছরেরটা বহাল রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে। ইউনিট প্রতি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা ইউনিট ফিসহ ইউনিটের বিভাগ প্রতি ১০০ টাকা করে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।