১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০

চবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সপ্তদশ বাংলা ও একাদশ ইংরেজি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ শুরু হবে আগামী শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) দু’দিনব্যাপী এ বিতর্ক  উৎসবের আয়োজন করতে যাচ্ছে। 

বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিইউডিএস সাধারণ সম্পাদক ইনজামাম উল হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন নিবন্ধনভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলা বিতর্কে ২৪ টি দল এবং ইংরেজি বিতর্কে ২০ টি দল অংশগ্রহন করবে। দু’দিনব্যাপী আয়োজনের প্রথম দিন বাংলা বিতর্ক ও দ্বিতীয় দিন  ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে।

এরপর আগামী ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব  ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন চবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম আবু নোমান।