এবার মাদরাসা শিক্ষার আধুনিকায়নে মনোযোগ সরকারের
স্কুল, কলেজ জাতীয়করণের পর মাদরাসা শিক্ষার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পরিকল্পনার আওতায় ১ হাজার ৬৮১টি মাদরাসা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার এ লক্ষ্যেই ৫ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্পের ব্যয় ধার্য করেছে সরকার। যা ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ নামে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায়।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সদ্য অনুমোদন পাওয়া প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ২০২১ খ্রিস্টাব্দের জুন পর্যন্ত ধরা হয়েছে। এর আওতায় প্রতি এমপি প্রায় ২০ কোটি টাকার মাদরাসা ভবন উন্নয়ন করতে পারবেন।
জানা যায়, প্রকল্পের আওতায় মাদরাসগুলোতে আইসিটিসহ সব ধরনের আধুনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হবে। কম্পিউটার ল্যাবও থাকবে এসব মাদরাসা ভবনে। প্রতিটা ভবন হবে পাঁচতলা, নীচতলা ফাঁকা থাকবে। তারপরও শিক্ষার্থীদের চাহিদার ওপর নির্ভর করবে ভবনের আকার-আয়তন। প্রাথমিকভাবে প্রতি এমপি প্রায় ছয়টি করে মাদরাসার বরাদ্দ পাবেন।
এছাড়াও প্রকল্পের আওতায় ১ হাজার ৬৮১টি মাদরাসা ভবনে নতুন টেবিল চেয়ার কেনা হবে। বৃদ্ধি করা হবে স্যানিটেশন, পানি ও বৈদ্যুতিক সুবিধা। এ প্রকল্পসহ একনেক সভায় মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ১৭ হাজার ৭৮৭ কোটি টাকা।
জানা যায়, মাদরাসা ভবন নির্মাণের জন্য ৩০০ এমপি শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা বিভাগে ডিও (আধা সরকারি পত্র) দেন। স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকার মাদরাসার দৈন্যদশা ও জরাজীর্ণতা উল্লেখ করে জরুরি ভিত্তিতে বিদ্যমান মাদরাসায় নতুন ভবন নির্মাণের আবেদন করেন।