০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২১

বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষায় রাবিতে সম্মেলন 

বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, আর্সেনিক সমস্যা, শিলাতত্ত্ব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ভূবিজ্ঞান ও পরিবেশ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক গবেষকদের মধ্যে তথ্য আদান-প্রদান মূলক এ সম্মেলনটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ।

শনিবার সকালে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হয়ে রোববার বিকেল ৫টার দিকে ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে সমাপনী অনুষ্ঠিত হয়। সম্মেলনটিতে সহযোগিতা করেছেন হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট ( হেকেপ)।
প্রথমদিন সকালে সম্মেলনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। দুই দিনব্যাপী সম্মেলনে রাজশাহী অঞ্চলের আর্সেনিক সমস্যা নিয়ে এ এইচ এম সেলিম রেজা, বরেন্দ্র পানি সংকট ও উত্তরোণের উপায় নিয়ে বিশ্ববিদ্যালয় সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও পাহাড় পর্বত ও শিলাতত্ব নিয়ে ইসমাইল হোসেন বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। মোট ৬টি সেশনে বিভিন্ন বিষয়ের উপর আরও ৭টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়। 

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক খোন্দকার ইমামুল হক  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের সচিব প্রফেসর এএইচএম সেলিম রেজা উপস্থিতদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  

অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পরিচালক আনওয়ার জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম এবং বাংলাদেশ ভূতত্ত্ব জরিপের সাবেক মহাপরিচালক একেএম খুরশেদ বরেন্দ্র অঞ্চলের পরিবেশের বিভিন্ন দিকের উপর আলোচনা করেন।