ঢাবিতে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে 'ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব'। নাটকগুলো ০৯ থেকে ১১ সেপ্টেম্বর তিন সন্ধ্যায় (৬.৩০টা) তিনটি ভিন্ন ভিন্ন নাটক প্রদর্শিত হবে ও তিনদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ম দিন মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ন নাট্য সংসদ প্রযোজনা মনোজ মিত্র রচিত শুভ্রা গোস্বামী নির্দেশিত নাটক "কাক চরিত্র", ১০ তারিখ ২য় সন্ধ্যায় মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রযোজনা সেলিম আল দীন রচিত ও আহসান হাবীব নির্দেশিত নাটক 'কীত্তনখোলা', এবং ৩য় সন্ধ্যায় মঞ্চস্থ হবে ভারতের আনন্দন” থিয়েটারের প্রযোজনা, মধুসুদন মূখপাধ্যায় রচনায় ও সঞ্জীব সরকার নির্দেশনায় নাটক 'টেলিস্কোপ'।
এই উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম পি। উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ জনাব তানভীর শাকিল জয়, ড. ইসরাফিল শাহীন, অধ্যাপক, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়, রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ও নাট্য সংসদের প্রতিষ্ঠাকালীন ছাত্র উপদেষ্টা ইসমাইল হোসেন সুমন।
ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ তৃতীয় বারের মত এই উৎসব আয়োজন করতে যাচ্ছে। উৎসব সম্পর্কে নাট্য সংসদের সভাপতি মোঃ সানোয়ারুল হক বলেন, “এই উৎসব আমাদের প্রাণের উৎসব। নাট্য চর্চা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাবো।” নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ বলেন, “নাট্য সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তির নব পথ হিসেবে নাটককে বিস্তৃত করতে নিয়মিত নাট্য প্রযোজনা নির্মাণ ও নাট্যোৎসব আয়োজন করছে। এই উৎসব বিশ্ববিদ্যালয়ে একটি নতুন প্রাণের সঞ্চার ঘটাবে বলে আমরা বিশ্বাস করি”।
উৎসবে নাট্য প্রদর্শনীর পাশাপাশি ১০-১২ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী নাট্য কর্মশালা পরিচালিত হবে। কর্মশালা তত্ত্বাবধান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মোঃ শামীম হাসান।