রাবিতে প্রাণরসায়ন গবেষণা শীর্ষক সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উন্নত জীবন ও টেকসই উন্নয়নে প্রাণরসায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এম খলিলুর রহমান খান।
প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন সাংগঠনিক কমিটির সহ-আহ্বায়ক প্রফেসর মো. তোফাজ্জল হোসেন।
দিনব্যাপী এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্লিনারি সেশন ছাড়াও ৩টি একাডেমিক ও ১টি পোস্টার প্রেজেন্টেশন এবং কয়েকটি পার্শ্ব সেশনে দেশি-বিদেশি গবেষকদের মোট ৮৮টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত ও মালয়েশিয়াহ অন্য কয়েকটি দেশের সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষক, গবেষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নেন।