আবাসিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ায় আতঙ্কে রাবি শিক্ষকরা
আবাসিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া নিয়ে চরম আতঙ্কে সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সম্প্রতি ছাদ থেকে খসে পড়া পলেস্তারায় এক শিক্ষক পুত্র আহত হওয়ারও ঘটনায় তা আরও নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইশতিয়াক হোসেন অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে গোসলের জন্য ওয়াশরুমে গেলেই ছাদের পলেস্তারা খসে পড়ে। দুই বালতিতে করে সে টুকরোগুলো ফেলে দিয়েছি। একটুর জন্য মাথার উপর পড়েনি বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে মোট ৮৮টি ভবনে ৩১৯টি বাসায় শিক্ষক-কর্মকর্তাদের পরিবার নিয়ে থাকার ব্যবস্থা আছে। কিন্তু প্রতিটি ভবনেই একই সমস্যা বলে জানান সংশ্লিষ্ট শিক্ষকরা।
হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক সোহেল মেহেদী বলেন, পুরাতন ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন সমস্যা হয়েছে। ফলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনগুলো পুরাতন হওয়ায় নিয়মিতই এমন ঘটনা ঘটছে। স্থায়ী সমাধানে যাওয়ার জন্য ভবনের ছাদ পরিবর্তন করতে হবে। এতে বড় বাজেটের প্রয়োজন। আমরা চেষ্টা করছি যাতে ওই ভবনের ছাদগুলোকে পরিবর্তনের মাধ্যমে স্থায়ী সমাধানে যাওয়া যায়।