চবি উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও বরণ্য সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. রাশেদুন নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিবুর রহমানের পরিচালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো চুনোপুঁটি নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ব্যক্তি। তাকে হত্যার হুমকি দেয়া মানে বিশ্ববিদ্যালয়ের সবাইকে হুমকি দেয়া।
বক্তারা আরো বলেন, ইফতেখার স্যার উপাচার্যের দ্বায়িত্ব নেয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় কোন কারনে ১ দিনের জন্যও বন্ধ হয়নি। তিনি সুচিন্তাধারার একজন অসাধারন মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা একটি মহলের পছন্দ হচ্ছে না। তাই তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই হুমকি প্রথম নয়, এর আগে আরো দুইবার দেয়া হয়েছিল।
এসময় বক্তারা কাপুরুষােচিত-ন্যাক্কারজনক এ কর্মকান্ডর সাথে জড়িতদের অনতিবিলম্বে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর কামরুল হুদা, মাহফুজুল হক খোকন, ইউসুফ আলী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, মুস্তাফিজুর রহমান প্রমুখ।