০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪১

ঈদের ছুটি শেষে জাবি খুলছে আজ

  © ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ  ছুটি শেষে আজ সোমবার খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদের ছুটি শেষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস কার্যক্রম শুরু হয়েছে। 

এদিকে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।  ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী চলে এসেছে। শিক্ষার্থীদের আগমনের ফলে ক্যাম্পাস সার্বক্ষণিক মুখরিত ও প্রাণবন্ত।

উল্লেখ্য, জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষ্যে ১৫ আগস্ট হতে  ৩০ আগস্ট পর্যন্ত একাডেমিক এবং গত ১৯ আগস্ট হতে ২৮ আগস্ট পর্যন্ত  সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এবং ২ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি থাকায় রবিবার পর্যন্ত বন্ধ থাকে জাবি।