রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সোমবার দুপুর ১২ টা থেকে শুরু হবে। চলবে ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২ টা পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর।
বিশ্ববিদ্যায় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, এমসিকিউ পদ্ধতিতে এবারের পরীক্ষায় ৫ টি ইউনিট থাকবে। আবেদনকারীকে প্রথমত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবলমাত্র ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
প্রাথমিক আবেদনকারীদের এইচ.এস.সি ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী একটি ইউনিটে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে মানবিক শাখা হতে উত্তীর্ণ এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০, বাণিজ্য শাখা হতে এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৭.৫০, বিজ্ঞান শাখা থেকে এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষায় যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd/undergraduate এ পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেখানে শুধুমাত্র ওই বছরের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।