০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৯

স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি : প্রধান বিচারপতি

‘খান বাহাদুর আহসানউল্লাহ স্বর্ণপদক ২০১৭’ প্রদান অনুষ্ঠান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন  © সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমি মনে করি আইন ও বিচার বিভাগের উন্নয়নের লক্ষে একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।’

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে প্রথিতযশা আইনজীবী ও সমাজসেবী ব্যারিস্টার রফিক-উল হককে ‘খান বাহাদুর আহসানউল্লাহ স্বর্ণপদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি আইন ও বিচার বিভাগের উন্নয়নের লক্ষে একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। ব্যারিস্টার রফিক-উল হকসহ এদেশের জ্ঞানতাপস ও আইনজ্ঞের কাছে নিবেদন করব তারা যেন আমাদের প্রতিবেশী দেশের আদলে অন্তত একটি স্বয়ংসম্পূর্ণ আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা আইন শিক্ষার গুণগত মান ও গবেষণাকে আরো সমৃদ্ধ করবে। তাদের এ কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্ম, যারা আইনকে পেশা হিসেবে গ্রহণ করবে-তাদের কাছে তাঁরা স্মরণীয় হয়ে থাকবেন।’

রফিক-উল হকের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা, বিচার বিভাগ পৃথকীকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভৃমিকা অপরিসীম। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে আদালতকে তিনি মতামত দিয়েছেন৷ তার দেওয়া মতামত বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মামলার রায়ে প্রতিফলিত হয়েছে। জাতীয় বিভিন্ন ক্রান্তিলগ্নে ব্যারিস্টার রফিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি আরো বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক তার জীবনে উপার্জিত অর্থের অধিকাংশ ব্যয় করেছেন সমাজসেবায়। তিনি প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি হাসপাতাল, মেডিকেল কলেজ, এতিমখানা ও মসজিদ।’

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

এ সময় রফিক-উল হকের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলম। সম্মাননাপত্র পাঠ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস এম খলিলুর রহমান। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম. এহ্ছানুর রহমান।

অনুষ্ঠানে রফিক-উল হককে ক্রেস্ট, দুই লাখ টাকার চেক ও বই দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।