২৮ আগস্ট ২০১৮, ১৬:৩৪

নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ঢাবিতে বাণিজ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ  © টিডিসি ফটো

আসন্ন নির্বাচন উপলক্ষে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখার আয়োজনে ও শামসুল হক ফাউন্ডেশনের সহযোগীতায় এ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের পত্রিকায় দেখলাম নির্বাচন উপলক্ষে আমাদের বিরুদ্ধে জোট গঠন হচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। তবে কেউ যদি হরতাল-অবরোধের মাধ্যমে বিশৃঙ্খলা করে, আইনশৃঙ্খলা বিরোধী কাজ করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর ব্যবস্থা নেবে।

নির্বাচনের বিএনপির অংশগ্রহনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা আশা করি সব দল অংশগ্রহন করবে। তবে বিএনপি যদি অংশগ্রহন না করে তাহলে তাদের অবস্থা ১৯৭০ সালের বাংলাদেশ ন্যাশনাল পার্টির মতো অবস্থা হবে। ১৯৭০ সালে নির্বাচনে অংশগ্রহন না করার কারনে তাদেরকে আর এখন কেউ চেনেনা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল। স্বাগত বক্তব্য দেন শামসুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ্যাডভোকেট আফিয়া বেগম।

এছাড়াও অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারন সম্পাদক গোলাম রব্বানীসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।