২৮ আগস্ট ২০১৮, ১৪:০৬

কলেজ ছাত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, ঢামেকে মৃত্যু

মুক্তি খাতুন (২২)  © সংগৃহীত

পেট্রলে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে ১০ দিন পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত চলে গেলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিষয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তি খাতুন।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মুক্তি মারা যান।

মুক্তি খাতুনের বড় ভাই নাসির উদ্দিন বলেন, গতকাল রাতে তাঁর বোন মারা গেছেন। এখন লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে আছে। পরে সেখান থেকে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের উন্মুক্ত জলাশয় দখলকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও সালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেটিকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট দুপুরে সালামের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেলের বাড়িতে হামলা চালায়। এ সময় মুক্তিযোদ্ধাসহ পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরা পালিয়ে যান। হামলাকারীরা পাবনা অ্যাডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তিযোদ্ধা মোজাম্মেলের মেয়ে মুক্তি খাতুনকে (২২) ঘর থেকে টেনে উঠানে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চাচাতো বোন আফরোজা খাতুন (৩০) এগিয়ে আসলে তারা তাকেও পিটিয়ে আহত করে ফেলে রাখে। এছাড়াও মুক্তিযোদ্ধার একটি ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় মোজ্জাম্মেল হক বাদী হয়ে ৩২ জনকে আসামি করে ওই দিনই সাঁথিয়া থানায় একটি মামলা করেন (নং ১৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বলেন, এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি সালাম ও জাহিদ পালিয়ে থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে সে জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে।