কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফাঁকা ক্যাম্পাসে ঈদ উদযাপন
চারদিকে উঁচু-নিচু পাহাড় আর সবুজের হাতছানি। তার মাঝেই মাথা উঁচু করে দাড়িয়ে আছে ৫০ একরের লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। লালমাই পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠা ক্যাম্পাসটিতে প্রাকৃতিক সৌন্দর্য মাখামাখি হয়ে থাকলেও কাঁঠালতলায় নেই ছাত্র-ছাত্রীদের হই-হুল্লোড়, শহীদ মিনার, লালন চত্বর, বৈশাখী চত্বর এবং ক্যাফেটেরিয়ার প্রাণবন্ত আড্ডা। কারণ ঈদের লম্বা ছুটি। ক্যাম্পাস বন্ধ হয়েছে ঈদের দুই সপ্তাহ আগেই। বিশেষ করে ঈদের ছুটি শুরু হলে যেন আচমকা নীরবতা ভর করে পাহাড় আর সমতলের এ ক্যাম্পাসটিতে। এমন স্পন্দনহীন হওয়ার আরেকটি কারণ এক সপ্তাহ আগেই আবাসিক হলগুলো বন্ধ হয়ে যাওয়া।
সারাদিন বিভিন্ন আড্ডায় জমে থাকা ক্যাম্পাসে যে কোন ধরণের লম্বা ছুটি শুরু হলেই চেহারা পাল্টে যায়। আর ঈদের ছুটি শুরু হলে একেবারেই নিস্তব্ধ হয়ে পড়ে। সারাদিন বই নিয়ে পড়ে থাকা ছাত্রটিও শিকড়ের টানে চলে যায় পরিবারের সাথে ঈদের সময়টুকু কাটাতে।
ঈদে শুধুমাত্র ক্যাম্পাসের আশেপাশে যেসব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি সাধারণত তারা ছাড়া কাউকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়না। তাদের ঈদ কাটে ক্যাম্পাস এবং পরিবারের সাথেই। এমনই একজন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী মো. আবদুল লতিফ। বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুরে। প্রতিবারের মতো এবারও ঈদ করবেন পরিবারের সাথে। চার ভাই মিলে একসাথে কুরবানি দেন। তার কাছে ঈদ কেমন কাটবে জানতে চাইলে তিনি বলেন, ‘উপাচার্য মহোদয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ পড়বো। ছেলে-মেয়েরা শহরে থেকে পড়াশুনা করে। তারাও বাড়িতে এসেছে। প্রতিবারের মতো পরিবারের সাথেই ঈদ করবো। চার ভাই মিলে আমরা কুরবানি দেই। ঈদের দিন বাড়িতে আত্মীয়-স্বজন বেড়াতে আসে। এভাবেই ঈদ কেটে যাবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. জি. এম. মনিরুজ্জামান ঈদ ভাবনা এবং স্মৃতি শেয়ার করেন দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে। তিনি পরিবার নিয়ে কুমিল্লার শালবন বিহার সংলগ্ন হাজী ভিলায় থাকেন। যানজটের কারণে গ্রামের বাড়ি খুলনায় যাওয়ায় হয়নি এবার। ঈদ করবেন বিশ্ববিদ্যালয়ের পাশেই। তিনি জানান, ‘‘এবার কুরবানি এখানেই দিবো। এর আগেও পরিবার নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে ঈদ করেছি ।” তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে ঈদ করার ট্রেন্ড এখনো চালু হয়নি। ঈদের দিন বিশ্ববিদ্যালয় পরিবারের যে কয়জন থাকেন তাদের সাথে দেখা হয়। বেশ আনন্দে কাটে দিনটি।’’
তিনি তার স্মরণীয় ঈদ স্মৃতি থেকে বলেন, ‘‘আমার দাদার বাড়ি খুলনার পাইকগাছায়। ছোটবেলা আমি বাবা-মায়ের সাথে খুলনা শহরে বড় হয়েছি। ঈদের সময় দাদার বাড়ি চলে যেতাম। খুলনা শহর থেকে দাদার বাড়ি পাইকগাছায় যেতে মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ পাড়ি দিতে হতো। এখনও মনে পড়ে রাত ১০টায় আমরা লঞ্চে উঠলে সকালে পৌঁছতাম। আমার বাবা, চাচা, আর ফুফুরা মিলে নয় ভাই-বোন। তখন দাদার ৩টি ছোট লঞ্চ ছিলো। ঈদের সময় সে লঞ্চগুলোতে করে আমরা ফুফুদের আনতে যেতাম। বেশ মজা হতো। সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতাম। আসলে এ দিনগুলো ভুলার মতো নয়। এখন দাদাও নেই। আব্বুও নেই। আর সেই আগের কপোতাক্ষও নেই। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে।’’
তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঈদ নিয়েও তার স্বপ্নের কথাও বলেন,‘‘স্বপ্ন দেখি কুবি সম্পূর্ণ আবাসিক হবে। শিক্ষকরা এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবার নিয়ে ঈদেও সময়টা ক্যাম্পাসেই কাটাবেন। সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকার ব্যাবস্থা হবে। আমার খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই আমরা একসাথে ঈদ করতে পারবো। অনেক আনন্দ হবে। এ স্বপ্নটা আমার অনেক দিনের। সময়ের সাথে সাথে আশা করি বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরী হবে।’’