১৫ আগস্ট ২০১৮, ২১:২৫

চট্টগ্রাম কলেজ অধ্যক্ষকে একঘন্টা অবরুদ্ধ করে রাখলো ছাত্রলীগ

অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হককে একঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগে একাংশের নেতাকর্মীরা। বুধবার কলেজে শোক দিবসের আলোচনা সভায় শুধু ছাত্রলীগের এক পক্ষের নেতাকে বক্তব্যে দিতে দেওয়ায় অভিযোগে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

এসময় তারা অধ্যক্ষের পোশাক নিয়েও প্রশ্ন তোলেন। পরে অধ্যক্ষ ‘সরি’ বলার পর ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যান। কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকের কক্ষে অবরুদ্ধ রাখার ঘটনা ঘটে। এসময় অধ্যক্ষের কার্যালয়েও তালা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই। তবে তিনটি পক্ষ রয়েছে। বুধবারের শোক দিবসের আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মাহমুদুল করিমকে বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়া হয়। মঞ্চ থেকে তার নাম ঘোষণা করতেই আ জ ম নাছিরের অনুসারী নেতাকর্মীরা প্রতিবাদ করে মঞ্চে উঠে হট্টগোল করেন। পরে মাহমুদুল বক্তব্যে শেষ না করেই মঞ্চ থেকে নেমে যান। এ সময় সভা পণ্ডু হয়ে যায়। তখন অধ্যক্ষ দ্রুত সভার ইতি টানেন।

এরপর আ জ ম নাছিরের পক্ষের নেতা ওবায়দুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। পর অধ্যক্ষ ইতিহাস বিভাগের শিক্ষকদের কক্ষে অবস্থান নিলে সেখানে তারা গিয়ে জড়ো হন। এসময় শিক্ষকরা তাদের বোঝানোর চেষ্টা করেন। পরে অধ্যক্ষ নেতাকর্মীদের ‘সরি’ বলেন।

অধ্যক্ষের পোশাক নিয়ে প্রশ্ন: অবরুদ্ধ রাখার এক পর্যায়ে আ জ ম নাছিরের পক্ষের নেতা ওবায়দুল হক অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার আপনি কলেজের ১৫০ জন শিক্ষক ও ১৮ হাজার শিক্ষার্থীর অভিভাবক। আজকের শোক দিবসের অনুষ্ঠানে আপনার পোশাকটা একটা কালো কাপড়ের হলে কী হতো?’ এ সময় সেখানে উপস্থিত অন্য শিক্ষকরা সমস্বরে তার বক্তব্যের প্রতিবাদ করেন।

অধ্যক্ষ পরনে ছিল সাদা পাঞ্জাবি, এর ওপর হালকা কালো-লাল রঙের কাজ করা পোশাক। এসময় অধ্যক্ষ বলেন, এ পাঞ্জাবিটা আমি শুধু শোক দিবসে পরার জন্যই কিনেছি। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কক্ষ থেকে বের হয়ে আসেন।

অধ্যক্ষ এ কে ফজলুল হক বলেন. ছেলেদের রক্ত গরম। তাদের নিজেদের মধ্যে সমস্যা রয়েছে। এ থেকে সমস্যার সৃষ্টি হয়। তবে তারা তাদের আচরণের জন্য পরে অনুতপ্ত হয়েছে। অবরুদ্ধ হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।