‘জাতির পিতার মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়ী’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতির পিতার মৃত্যু নেই। তাঁর আদর্শের মৃত্যু নেই, বঙ্গবন্ধু মুজিব মৃত্যুঞ্জয়ী’। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. হারুন-অর-রশিদ আরও বলেন, বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা সম্ভব হলেও, তাঁর আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, কোনোদিন পারবেও না। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে আছে জনকের মুখ। আমাদের জাতীয় পতাকায়, জাতীয় সঙ্গীতে জনকের মুখ। বাংলার মাঠ-ঘাট, নদী, প্রান্তর জুড়ে বিস্তৃত জনকের মুখ। স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অমর কীর্তি। বাংলাদেশের কোটি কোটি মানুষের স্মৃতিতে বঙ্গবন্ধুর স্মৃতি।
অধ্যাপক নোমান উর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও ড. মোঃ মশিউর রহমান বক্তব্য রাখেন।