বঙ্গবন্ধুকে বক্তৃতায় নয়, বুকে ধারণ করতে হবে
বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে হবে না। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম চৌধুরী একথা বলেন।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনে এ আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য ও হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং কুবির শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভার আহ্বায়ক ড. জি. এম. মনিরুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানা, আইন অনুষদের ডিন আমিনুল হক আকন্দ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভুঁইয়া তারেক, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান চৌধুরী, কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ প্রমুখ।
ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় পরিবারের কর্মসূচি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ অগাস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র্যালি বের করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ।