১৫ আগস্ট ২০১৮, ১১:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোকদিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের র‌্যালি   © টিডিসি ফটো

গভীর শোক ও শ্রদ্ধার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষ্যে দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন এবং শোক র‌্যালি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সেখানে তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।  এ সময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ ও দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন আবাসিক হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি, ক্যাম্পাসের স্কুলসমূহ, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় শোক সমাবেশ। সমাবেশে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের প্রশাসক ও ছাত্র-উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর প্রভাষ কুমার কর্মকার।