১৫ আগস্ট ২০১৮, ০০:১০

মুচলেকা নিয়ে ইমিকে ছাড়লো পুলিশ

শেখ তাসনিম আফরোজ ইমি  © সংগৃহীত

প্রায় ৫ ঘন্টা যাবত জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ছাত্রী শেখ তাসনিম আফরোজ ইমিকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১২টার পর তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ শেষে হল কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে ইমিতে সন্ধ্যা ৭টার পর হলের সামনে থেকে ডিবি পরিচয়ে পুলিশের একটি দল তুলে নেয়। ইমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। গুজব ছড়ানোর অভিযোগে তাকে তুলে নেয়া হয় বলে জানা যায়।

ইমি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক।

রাতে ডিবি কর্মকর্তাদের উদ্ধৃত করে ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নিরাপদ সড়কের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার লক্ষ্যে সোস্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ইমিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অবশ্য ডিএমপি নিউজ সেই প্রতিবেদনটি তুলে নেয়।