কোটা বাতিল নয়, ৫ দফাতেই সমাধান চায় আন্দোলনকারীরা
কোটা বাতিল নয়, ৫ দফার ভিত্তিতে সংস্কারেই যৌক্তিক সমাধান চায় আন্দোলনকারী। তাদের ভাষ্য, কোটা সমস্যা সমাধানে 'কোর্টের একটি পর্যবেক্ষণ'কে অজুহাত বানানো কালক্ষেপণের একটি পন্থা মাত্র। ৩১ আগস্ট পর্যন্ত একটি আল্টিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে সুষ্ঠু সমাধান না হলে আবারও সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হুশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা ছাত্রসমাজ কখনোই কোটা বাতিল চাইনি। শুরু থেকেই আমরা ৫ দফার ভিত্তিতে যৌক্তিক সংস্কার চেয়েছি। এতে বলা হয়, ‘মন্ত্রীপরিষদ সচিবের প্রাথমিক প্রস্তাবনাটি অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করছি। তবে আমরা মনে করি, ৫ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার হলে ছাত্রসমাজ তথা সকলের কাছে অধিকতর যুক্তিসংগত হবে।’
কোটা আন্দোলনকে যৌক্তিক ও সময়োপযোগী দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আন্দোলনে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সমর্থন রয়েছে। অহিংস ও শান্তিপূর্ণ কর্মপদ্ধতির কারণে আন্দোলন এখন দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ‘দাবি আদায়ে একটি আদর্শ আন্দোলন’ হিসেবে সমাদৃত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে ৪ বার আলোচনা করে সময় নিয়েও কোনো ধরণের কাজ না করে নির্যাতন-নিপীড়ন, দমনপীড়নের কারণে সরকারের প্রতি শিক্ষার্থীদের মনে বিরাট একটি অনাস্থা ও সংশয় তৈরি হয়েছে। তাই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ যদি সত্যিই সদিচ্ছা ও আন্তরিকতার জায়গা থেকে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে; তবে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে আলোচনা করা দরকার।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণাকে ঘিরে গত ৩০ জুন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে শিক্ষার্থীরা। প্রতিবাদে পরদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। এসব কর্মসূচিতেও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে বেধড়ক মারধর করে।