অনুমোদনের অপেক্ষায় আরও তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়
নতুন করে আরও ৩টি সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে যাচ্ছে সরকার। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়া আইনটির অনুমোদন দেয়া হয়েছে।
এসব বিশ্ববিদ্যালয়গুলো হল, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে প্রস্তাবিত খসড়া আইনটি। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদন পেলে পরবর্তীতে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ও ব্যয় সংক্রান্ত বিষয়ের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ৪১টি। এ তিনটি অনুমোদন হলে সে সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৪টিতে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এই তিনটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের। সেটিকে আমলে নিয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রেক্ষিত আমরা তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছি।