চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘৩০ লক্ষ শহীদের জন্য ৩০ লক্ষ চারা’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ‘সেইভ দ্যা ন্যাচার’ এর চবি শাখা। সোমবার দুপরে তারা এই কর্মসূচি পালন করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আশরাফুর রহমান (রাজিব), সেক্রেটারি ইসহাক আলম ফরহাদ, চবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম,সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল টিপু, চবি সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমনসহ ছাত্রলীগের অর্ধ-শতাধিক নেতা কর্মী।
এ সময় আলী আজগর চৌধুরী বলেন, প্রশাসনের সকল ধরনের উন্নয়নমুলক কর্মকান্ডে শিক্ষার্থীরা সহযোগিতা করেছে। আশা রাখব শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগের ধারাবাহিকতা অব্যহত থাকবে।
রাজিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এক হাজার চারা গাছ রোপন করার সিদ্ধান্ত নিয়েছি।
ইকবাল টিপু বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যেকটি নির্দেশনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পালন করেছে এবং করবে। আগস্ট মাসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। যথাসময়ে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করব।