১৩ আগস্ট ২০১৮, ১৪:৪৫
কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপককে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ধারা ১০ (ক) অনুযায়ী রাষ্ট্রপতি এ পদে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন উপাচার্য পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
এর আগে গত ২ আগস্ট দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে উপাচার্য পদ থেকে বিদায় নেন একই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।