১২ আগস্ট ২০১৮, ২০:৩১

মাদক সেবনের অভিযোগে তিন যুবককে পুলিশে দিল ছাত্রলীগ

মাদক সেবনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক পুলিশ কনস্টেবলসহ তিন বহিরাগত যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত শহীদ শামসুজ্জোহা হলের অতিথি কক্ষে আটকে রেখে তাদের মারধর করা হয়। এতে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পুলিশ কনস্টেবল আব্দুল মোতালেব। তার বাড়ী সিরাজগঞ্জ জেলায়। বাকীরা হলেন মোটরসাইকেল মেকানিক সাজ্জাদ ও আলিমউদ্দিন। সাজ্জাদ ও আলিমের বাড়ি নগরীর শিরোইল কলোনিতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র জাহিদ তার রুমে (১৩৪ নম্বর) বহিরাগত তিন যুবককে নিয়ে আসে। এ সময় সেখানে তারা মাদক সেবন করছে এমন অভিযোগে তাদের ধাওয়া করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে জাহিদ পালিয়ে গেলেও বহিরাগত তিনজনকে হলের অতিথি কক্ষে নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বেধড়ক মারধর করে। পরে তিনজনকে মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়।

জোহা হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গুফরান গাজী বলেন, ‘রাতে তিনজন বহিরাগত হলে প্রবেশ করে। এর আগেও তাদের হলে দেখতে পাওয়া গিয়েছিল। রাত ১২টায় জাহিদের সঙ্গে মাদক সেবনকালে তাদেরকে হাতেনাতে ধরি। পরে রাত ২টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আটক তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়।’

তবে বহিরাগত যুবকরা মাদক সেবনের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘পুরাতন মোটরসাইকেল কেনার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়। পরে তারা আমাদের মারধর করে। আমরা কোন ধরনের মাদক সেবন করিনি। আমাদের মোটরসাইকেলটিও হল গেটে রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মাদক সেবনকালে হাতেনাতে বহিরাগতদের আটক করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সভাপতি ও আমি হলে গিয়ে তাদেরকে মতিহার থানা পুলিশে সোপর্দ করি।’

মতিহার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা দুইজন যুবককে পুলিশে সোপর্দ করেছে। তাদেরকে বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।