১২ আগস্ট ২০১৮, ১৭:৪৮

শিশু অধিকার নিয়ে গবেষণার লক্ষ্যে ঢাকায় আন্তর্জাতিক কর্মশালা শুরু

রাজধানীর হোটেল আমারিতে ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে বক্তারা।  © টিডিসি ফটো

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিশু অধিকার বিষয়ে গবেষণার জন্য ঢাকায় আন্তর্জাতিক গবেষণা কর্মশলা শুরু হয়েছে। 

রাজধানীর হোটেল আমারিতে আজ শুরু হয়েছে ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি)’ শীর্ষক তিনদিন ব্যাপী এই সেমিনার।  যৌথভাবে যার আয়োজক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মিস শীমা সেন গুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান বলেন, এই কর্মশালা কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি)-এর উপর কারিকুলাম প্রণয়নে এবং অংশগ্রহণমূলক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মূল্যবান সম্পদ হচ্ছে শিশু।  দেশের প্রান্তিক পর্যায়ের শিশুদের জীবনমানের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করতে হবে। একইসাথে শিশুদের অন্যান্য অধিকার সুরক্ষায় গুরুত্ব দিতে হবে।  বাংলাদেশের শিশুদের জন্য সময়োপযোগী এ কর্মশালা আয়োজনের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মিস শীমা সেন গুপ্ত বলেন, বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ।  তারা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।  এজন্য বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায় ইউজিসি’র সাথে ইউনিসেফের সহযোগিতাপূর্ণ তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের সিফরডি সেকশন চিফ মিস নেহা কাপিল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম।

ওহাইও ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ১১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইউজিসি ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।