১১ আগস্ট ২০১৮, ২১:৪০

রিডিং রুমের দাবিতে শাবিপ্রবিতে প্রভোস্ট কক্ষে তালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক।  © সংগৃহীত

রিডিং রুমের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্টের কক্ষে তালা দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যের ১০০৪ নম্বর রুমের পাশাপাশি ১০০২ নম্বর অফিস রুমেও তালা ঝুলিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন থেকে রিডিং রুমের দাবি জানিয়ে আসলেও হল প্রশাসন কেবলই দাবি পূরণের আশ্বাস দিয়ে আসছিল। সবশেষ দাবি পূরণ না করে বরং হলের একটি কক্ষে পুলিশের থাকার ব্যবস্থা করা হয়েছে। 

হলের আবাসিক শিক্ষার্থী ওয়ালীউল্লাহ রনি বলেন, “রিডিং রুম না থাকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। রুমের মধ্যে বেশিক্ষণ লাইট জ্বালিয়ে পড়াশোনা করা যায় না। রিডিং রুম অত্যন্ত প্রয়োজন।”

আরেক আবাসিক শিক্ষার্থী নাজমুল বলেন, “রিডিং রুমের দাবি আমাদের দীর্ঘদিনের। প্রভোস্ট আমাদের দীর্ঘদিন থেকে আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু তার বাস্তবায়ন ঘটেনি।

তিনি বলেন, “হল প্রশাসন চাইলে পুলিশের থাকার জন্য অন্য কোথাও ব্যবস্থা করতে পারে। হলের মধ্যে পুলিশ রেখে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটানোর কোন মানে হয় না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রুমের তালা খুলে দিব না।”

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, “ আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। রোববার ভিসি স্যারসহ আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।”