১২ আগস্ট ২০১৮, ১১:৪১

জাবির সন্ধ্যাকালীন কোর্সের ভর্তি পরীক্ষা প্রতিহতের ঘোষণা

সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে চালু হতে যাওয়া সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্সের ভর্তি পরীক্ষা প্রতিহতের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১৬ আগস্টের মধ্যে রসায়ন বিভাগে ‘উইকএন্ড মাস্টার্স অব সায়েন্স-ইন-কেমিস্ট্রি’ শীর্ষক কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল করা না হলে এ কোর্সের ভর্তি পরীক্ষা প্রতিহত করা হবে। আগামী ১৭ আগস্ট সকাল ১০টায় এই কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি আরো বলেন, ‘সন্ধ্যাকালীন কোর্স চালু আছে এমন বিভাগগুলোতে তীব্র সেশন জট দেখা দিয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা এবং ফলাফল প্রকাশেও সন্ধ্যাকালীন কোর্স ব্যাপক প্রভাব ফেলছে। রসায়ন বিভাগে এরকম নানা সমস্যা থাকার পরেও সন্ধ্যাকালীন কোর্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শুধু বিভাগ নয় বরং সরকারি বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যের ক্ষেত্রে পরিণত করছে।’

এ সময় অন্যান্যের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ দিদার, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক চন্দন দ্বীপ মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।