১১ আগস্ট ২০১৮, ১৬:৩৬

রাবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা আজকে অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকারের জাতীয় শুদ্ধাচার কর্মকৌশলের আওতায় এ কর্মশালার আয়োজন করে।  যার লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার উৎকর্ষতা সাধন করা।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এবং ইউজিসি’র প্রশাসন বিভাগের উপসচিব মোঃ শাহিন সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর মান্নান দেশ ও জাতির কল্যাণে দক্ষ মানব সম্পদ তৈরির উপর গুরুত্বরোপ করেন।  তিনি জনগণের করের টাকার সর্বোত্তম ব্যবহার এবং বিশ্ববিদ্যালয়ে সকলকে তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার উদাত্ত আহবান জানান।  তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের লক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি, উন্নত কর্ম পরিবেশ তৈরি, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষক-কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  তিনি বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গ্রাজুয়েট তৈরির মাধ্যমে সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।  আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জায়গায় অস্থায়ী স্থাপনার কার্যক্রম সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা- এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন, ইউজিসি’র সিনিয়র সহকারি সচিব মোর্শেদ আলম খন্দকার, সিনিয়র সহকারি পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইউজিসি কর্মকর্তাগণ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্টরা অংশগ্রহণ করেন।