শাটল ট্রেনে কাটা পড়ল চবি ছাত্রের দুই পা
শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল আলম। তিনি সমাজতত্ত্ব বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। চলন্ত ট্রেনের সামনের প্লাটফর্মে ওঠার সময় আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে নগরীর ষোলশহর স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন স্টেশনের সহকারী মাস্টার এ এস এম আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সময় রবিউল আলম এবং তার পাশে থাকা ইতিহাস বিভাগের মারুফা আক্তার দৌড়ে প্লাটফর্মে উঠছিলেন। এসময় ট্রেন তাদের খুব কাছাকাছি চলে আসলে রবিউল মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজেকে পুরোপুরি রক্ষা করতে পারেননি। মুহুর্তেই দুই পা কাটা পড়ে রবিউলের। তাৎক্ষনিক উপস্থিত শিক্ষার্থীরা তাকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান। সেখানে চিকিৎসা চলছে রবিউলের।
ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র রবিউল আলমের।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র ‘‘দ্য ডেইলি ক্যাম্পাস’’কে বলেন, বিষয়টি জানার পর আমরা রবিউলের চিকিৎসার ব্যবস্থা করেছি। বর্তমানে সে চমেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।