০৭ আগস্ট ২০১৮, ১৮:৩৪

ইচ্ছাকৃত ফেল করানোর অভিযোগ ইবি অধ্যাপকের বিরুদ্ধে

বিভাগীয় এক ছাত্রীকে একের পর এক ফেল করানোর অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে। ড. ভুপেশ চন্দ্র রায় নামের ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক। এ বিষয়ে গত ১ আগষ্ট উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী সিরাজুম মনিরা। যা অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বরাবার লিখিত ওই অভিযোগে মুনিরা উল্লেখ করেন, ২য় বর্ষের চুড়ান্ত পরীক্ষায় ড. ভুপেশ চন্দ্র রায়ের একটি ল্যাব বিষয়ে ফেল করি। কেন ফেল করানো হয়- তা আমি এখনো জানি না।  ফলে স্যার আমাকে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেননি। তারপর তৃতীয় বর্ষে ভুপেশ স্যারের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আশ্চর্যভাবে ফেল আসে। আমি জীবনে কোনদিন নকল করি নাই। ২০১৮ সালে অনার্স (সম্মান) চূড়ান্ত পরীক্ষা শেষে ওই বিষয়ে পুণঃমূল্যায়ন পরীক্ষায় স্যার আবারো আমাকে ফেল করিয়েছেন। গত ৩০ জুলাই ঐ বিষয়ে আমার জীবনের শেষ সুযোগ ছিল। পরীক্ষার হলে আমি একা পরীক্ষা দিচ্ছিলাম, হলে তিনজন শিক্ষক কর্তব্যরত ছিলেন।  পরীক্ষার সময় স্যার আমার লিখিত খাতা আমাকে দিয়েই জোর করে কাটিয়ে নিয়েছেন। এই বিষয়ে এবারো যদি পাশ না আসে, তবে আমি স্নাতকের কোন সনদ পাব না। 

জানা যায়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত ওই ছাত্রীর পুণঃমূল্যায়ন পরীক্ষায় পরিদর্শক হিসেবে ছিলেন বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আতিকুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান।  পরীক্ষার হলে ওই ছাত্রীর খাতা কাটার বিষয়ে অধ্যাপক ড. আতিকুর রহমানের কাছে জানতে চাইলে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে গত বুধবার (১ আগষ্ট) ওই অভিযোগ পাওয়ার পরই তাৎক্ষনিকভাবে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী প্রশাসনিক কর্তাব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাদের দিয়ে পরীক্ষার খাতা ও নম্বরপত্র যাচাই বাছাই করেন তিনি।  যদিও নম্বরপত্রে ওই বিষয়ে কোন নম্বর উল্লেখ ছিল না।

পরে উপাচার্য বিষয়টি অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান।  কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপাচার্য বরারব ছাত্রী সিরাজুম মনিরার লেখা আবেদনপত্র

 

 এ বিষয়ে অধ্যাপক ড. ভুপেশ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে বলেন, ‘আমাকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে কিছু বলার ভাষা আমার নেই।  আমার সম্পর্কে আমার বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী এবং আমার সহকর্মীদের কাছে জিজ্ঞাসা করলে ভালভাবে জানতে পারবেন।’ এসময় বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসকের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।