০৭ আগস্ট ২০১৮, ১১:৫০

শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা ছাত্রদলের

লোগো

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর আবারও বর্বরোচিত হামলায় নিন্দা জ্ঞাপন করে মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক বিবৃতি প্রদান করে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান এই নিন্দা জ্ঞাপন করেন বলে দপ্তর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়- নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি ইউনিভার্সিটি ও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ শিক্ষার্থীদের ওপর এবং কর্তব্যরত সাংবাদিকদের রাজধানীর শাহবাগ, রামপুরা, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় হামলা করে তাদেরকে নৃশংসভাবে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতারা।

কেন্দ্রীয় নেতাদ্বয় বলেন, সোমবার দিনব্যাপী উৎসব করে আন্দোলনকারী নিষ্পাপ ছাত্র-ছাত্রীদের ওপর রড, ধারালো অস্ত্র, লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ ও আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা । দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যখন তাদের যৌক্তিক ৯ দফা দাবিতে আন্দোলন করছে, তখন অবৈধ সরকার তাদের দাবি মেনে না নিয়ে উল্টো তাদের উপর দমন পিড়ন চালাচ্ছে ।

সরকারের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের অস্ত্রধারী ক্যাডাররা নিরিহ শিক্ষার্থীদের ওপর ঝাপিয়ে পড়েছে। তাদের হামলার সংবাদ সগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের এবং ছবি তুলতে গেলে ফটো সাংবাদিকদের ক্যমেরা ছিনিয়ে নিয়ে নিয়ে ভাঙচুর করে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে।

নেতাদ্বয় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিপীড়ন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায় সঙ্গত দাবির সাথে আবারও একমত পোষণ করে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান। একই সাথে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন এবং আহত শিক্ষার্থী ও সাংবাদিকদের শ্রীঘ্রই সুস্থতা কামনা করেন এবং তাদের সু-চিকিৎসা এবং ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান।