০২ আগস্ট ২০১৮, ১৭:০৪

মৃত্যুপুরী থেকে বাঁচতে এ আন্দোলন

রাবিতে সড়কের নিরাপত্তা চেয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

সড়কগুলোকে মৃত্যুপুরী বানিয়ে রাখা হয়েছে। আর সেই মৃত্যুপুরি থেকে বাঁচতে সড়কে নিরাপত্তা নিশ্চিতের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে যখন প্রশাসন হামলা চালায়, পুলিশ লাঠিচার্জ করে তখন বুঝতে হবে সরকার তার নৈতিক ভিত্তি হারিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃ্ত্যুর প্রতিবাদে এবং সড়কে নিরাপত্তা বৃদ্ধি, বাস চালকদের নির্দিষ্ট কর্মঘন্টা নিশ্চিত করাসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচীতে সমর্থন জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এছাড়াও সরকারি মন্ত্রী, এমপিদের একক সিন্ডিকেটে পরিবহন নৈরাজ্য চলছে দাবি করে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি মানববন্ধনে শিক্ষার্থীরা মিলিত হয়।

এসময় 'শোকে গোপাল ভাঁড়ও হাসে না, মন্ত্রী হাসে', 'রক্ত ঝড়ে রাজপথে, প্রশাসন নিরব থাকে', 'শিক্ষার্থীদের জন্য পরিবহনে কনসেশন চাই' এ রকম বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে চারুকলা বিভাগের শিক্ষার্থী মিঠুন, আল আমিন প্রধান তারেক, সমাজকর্ম বিভাগের আরিফুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের জান্নাতুন নাইম, পরিসংখ্যান বিভাগের নিয়ামুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হুসাইন মিঠু, ফলিত রসায়ন বিভাগের আবু শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।