৩০ জুলাই ২০১৮, ২২:৫৭

বিশেষ অভিযানে চবি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতা আটক

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মো: রাকিব হোসাইনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পেছন থেকে রাকিবকে আটক করে হাটহাজারী থানা পুলিশ। তবে তাকে কেন আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাসুম।

তিনি ‘দ্যা ডেইলি ক্যাম্পাসকে’ বলেন, ‘রাকিব হোসাইনকে একটি বিশেষ অভিযানে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’

জানা যায়, রাকিব ক্যাম্পাস রাজনীতিতে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত ছিল। সম্প্রীতি ছাত্রলীগের এই নেতা রাজনৈতিক গ্রুপ পরিবর্তন করে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের গ্রুপে যোগ দিয়েছেন বলে গুঞ্জন উঠে।

তিনি নিয়মিত মেয়র আ জ ম নাছিরের সাথে যোগাযোগ রাখছেন বলে নিশ্চিত করেছেন একই নেতার অনুসারী ত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা।

হাটহাজারী মডেল থানায় রাকিবের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। গত বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা থেকে ওই ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

এরপর তিনি আদালত থেকে জামিনে বের হয়ে এসেছিলেন।