২৯ জুলাই ২০১৮, ১৯:৪০

ইবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বন্ধ হচ্ছে বিভিন্ন বিভাগে চলমান সান্ধ্যকালীন কোর্স। রবিবার বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের ব্যাপারে প্রস্তাব উত্থাপিত হয়। এসময় উপস্থিত একাডেমিক কাউন্সিলের সদস্যের সিদ্ধান্তক্রমে এ প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও সভাপতিবৃন্দ।

এদিকে, একাডেমিক কাউন্সিলে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীবান্ধব এমন সিদ্ধান্ত গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বর্তমান প্রশাসন ও একাডেমিক কাউন্সিলের সদস্যদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আমাদের অনুসরণ করবে।’