উদ্যোগেই আটকা সমন্বিত ভর্তি পরীক্ষা
এক দশক ধরে নানা উদ্যোগের পরও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত স্নাতক ভর্তি পরীক্ষা চালু করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও একাধিকবার এ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারপরও বিষয়টি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। মূলত কিছু বিশ্ববিদ্যালয়ের অনাগ্রহের কারণে এ উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফলে চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষেও ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে হচ্ছে না। এবারও ভর্তিচ্ছুদের সারা দেশ ঘুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। দুর্ভোগ পোহাতে হবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের।
জানা গেছে, ২০০৮ সালে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তাব দেওয়া হলে তৎকালীন অধিকাংশ ভিসিই একমত পোষণ করেছিলেন। তবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের স্বায়ত্তশাসন খর্ব হওয়ার আশঙ্কা করেন। এরপর বিভিন্ন সময় নানা উদ্যোগ নিলেও এক দশক যাবত সেটি বাস্তবায়ন হচ্ছে না।
জানা যায়, বর্তমানে দেশে ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশের নানা প্রান্তে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে প্রতি বছরই লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। সাধারণত একজন পরীক্ষার্থী ১০ থেকে ১৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। এতে শুধু ফরমের জন্য তাদের গুনতে হয় হাজার হাজার টাকা; যা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। বড় কিছু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন অক্ষুণœ রাখার ঠুনকো যুক্তি আর পরীক্ষার ফরম থেকে বাড়তি আয়ের কারণে এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সমন্বিত ভর্তি পরীক্ষা হলো একই পদ্ধতির পরীক্ষায় মূলত একই প্রশ্নপত্রে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। একই স্থানে বসে অভিন্ন প্রশ্নপত্রে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর জন্য কম হয়রানিমূলক একটি ব্যবস্থা। এটি বর্তমানে শুধু মেডিকেল কলেজগুলোতে চালু আছে। অনেক আগে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির অধীনে কুয়েট, চুয়েট ও রুয়েটে একযোগে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলেও পরে তা বাতিল হয়ে যায়।
জানা গেছে, একেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভোগান্তি এবং আর্থিক ক্ষতি লাঘব করতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০০৭ সালে। এরপর ভর্তি প্রক্রিয়ার সংস্কার করতে ২০০৮ সালে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বৈঠক করেন তৎকালীন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বৈঠকে গুচ্ছভিত্তিক ভর্তির প্রস্তাবে অধিকাংশ ভিসিই একমত পোষণ করেন। তবে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কার কথাও বলেন। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে ভিসিদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান নেয়। এরপর পর্যায়ক্রমে ২০১০, ২০১১ এবং ২০১২ সালেও ভিসিদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ধারাবাহিক বৈঠকেও কোনো সফলতা আসেনি।
২০১৬ সালের নভেম্বরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদের কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন দেওয়ার সময় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সমন্বিত ভর্তি পরীক্ষার কথা বলেন। পরে ইউজিসি চেয়ারম্যান এ বিষয়ে উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন। এই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের জুলাইয়ে ভিসিদের নিয়ে ফের বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সমন্বিত পদ্ধতির পক্ষে সম্মতি দিলেও বড় কয়েকটি বিশ্ববিদ্যালয় বিরোধিতা করে বসে। এরপর চলতি বছর ১ ফেব্রুয়ারি বঙ্গভবনে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ৪৫ সদস্যের ভিসি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সে সময় তিনি (রাষ্ট্রপতি) দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছুকদের ভর্তি সমস্যা নিরসনে সমন্বিত ও সহজ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এর আগে ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা বাস্তবায়নে কার্যপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে প্রধান করে সাত সদস্যের একটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে ৯ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়। দুই কমিটিকে সমন্বয় করে ভর্তি পরীক্ষার নীতিমালা তৈরির নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনে ভিসিদের সঙ্গে পরামর্শ করারও নির্দেশনা দেওয়া হয়। নীতিমালা সংক্রান্ত ধারণাপত্র শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য সে দুটি কমিটিকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এ উদ্যোগেরও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি।
এদিকে, চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এরই মধ্যে ঘোষণা করেছে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। এতে আগের মতোই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। ফলে এ উদ্যোগ আবার থেমে গেছে। এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সারাদেশ ঘুরে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে। ফলে একজন শিক্ষার্থীর পক্ষে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর হয়ে যায়। এ কারণেই আমরা সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে আগ্রহী। রাষ্ট্রপতিও এ বিষয়ে বারবার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ইউজিসির চেয়ারম্যানকে আমরা দায়িত্ব দিয়েছি। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি, এবার না হলেও আগামীবার বা দ্রুততম সময়েই সব বিশ্ববিদ্যালয়কে সমন্বিত পরীক্ষার আওতায় আনতে পারব। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, আমরা বিষয়টি নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। পরীক্ষা তো বিশ্ববিদ্যালয়গুলোর। তাই ইউজিসির কিছু করার থাকে না। তারা বলছে এবার প্রস্তুতি কম, তাই হচ্ছে না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, বুধবার একাডেমিক কাউন্সিলের সভা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তারিখ ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি মীজানুর রহমান বলেন, হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদে বাকিরা বিষয়টি নিয়ে একমত ছিলেন। কিন্তু নতুন কোনো একটা সিস্টেম চালু করার জন্য যে পটভূমি দরকার সেগুলো এখনও সম্পন্ন হয়নি। তবে বিষয়টি নিয়ে আগামী বছর চিন্তাভাবনা করা যেতে পারে।
তিনি বলেন, নতুন এ সিস্টেমটি চালু করতে গিয়ে ভুলত্রুটি বা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই মনে করছেন, এ বছর যেহেতু নির্বাচনি বছর তাই সেটায় যাওয়াটা ঠিক হবে না। তাই আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বছর আগের মতোই হবে।